দৈনিক কুমিল্লার আলো’র দুই দশকের পথচলা উদযাপন
নিজস্ব প্রতিবেদক | এইচএম শাহিন
কুমিল্লার জনপ্রিয় স্থানীয় পত্রিকা দৈনিক কুমিল্লার আলো-র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কেটে পত্রিকার দুই দশকের সফল পথচলা উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন কনক।
সভায় বক্তারা বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করে কুমিল্লার আলো পাঠকের আস্থা অর্জন করেছে। প্রতিকূল সময়েও পত্রিকাটি জনস্বার্থে কাজ করে গেছে এবং সম্পাদক মো. জসিম উদ্দিন কনক কখনোই ভয় বা চাপের কাছে নতি স্বীকার করেননি।”
বক্তারা আরও উল্লেখ করেন, অতীতের এক পর্যায়ে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সম্পাদককে অন্যায়ভাবে কারাবরণ করতে হয়েছিল। তবুও কুমিল্লার আলো সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে জনগণের কণ্ঠস্বর তুলে ধরেছে।
প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল বলেন,
“একটি পত্রিকা টিকিয়ে রাখা কতটা কঠিন তা কেবল সংশ্লিষ্টরাই জানেন। সাংবাদিকরা যখন সত্য প্রকাশের জন্য আদালতের কাঠগড়ায় দাঁড়ান, তখন আমাদের প্রশ্ন করতে হয়—প্রেসক্লাবগুলো তখন কোথায় ছিল? এখনই সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে এর পরিণতি আমাদের সবার জন্য ভয়াবহ হবে।”
অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন—
কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান বাশার, উদীচী কুমিল্লা জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদ, কল্যাণ পার্টি কুমিল্লার সহিদুর রহমান তামান্না, কুমিল্লা বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন, বাংলাদেশ বেতার কুমিল্লার সংবাদদাতা আবু সুফিয়ান, নওয়াব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, নাভানা হাসপাতালের এমডি ও কলামিস্ট আবদুল আউয়াল সরকার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন— কুমিল্লার আলো’র নির্বাহী সম্পাদক শাহীন আলম, বার্তা সম্পাদক তাওহিদুল ইসলাম, সহ-বার্তা সম্পাদক মামুনুর রশীদ, স্টাফ রিপোর্টার মনির মোশাররফ, এ কে আজাদ, মোহাম্মদ আলী, সালামত উল্লাহ, রফিকুল ইসলাম, এবং দৈনিক ভোরের সূর্যদয় প্রতিনিধি মো. রাজিব সরকারসহ পত্রিকার পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীরা।
আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকরা কুমিল্লার আলো’র আগামী দিনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পরবর্তীতে কেক কেটে পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭