মকিমপুরের উন্নয়নে এমপি হাজী জসিম উদ্দিনের একগুচ্ছ আশ্বাস
নতুন ভবন নির্মাণ ও রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি | খাল দখলমুক্ত করার নির্দেশ | পর্যটনকেন্দ্র করার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | এইচ এম শাহীন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুরে উন্নয়ন নিয়ে একগুচ্ছ আশ্বাস দিয়েছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, এলাকার রাস্তাঘাট সংস্কার, গুরুত্বপূর্ণ খাল দখলমুক্তকরণ, বুড়ি গঙ্গা নদীর পাড়ের একটি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা এবং মকিমপুরকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা,
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মনির আহমেদ খান, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল করিম, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন সরকারসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল মতিন খসরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কর্মময় জীবনের প্রশংসা করেন প্রধান অতিথি হাজী জসিম উদ্দিন এমপি।
তিনি বলেন, আব্দুল মতিন খসরু ছিলেন এলাকার শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর নামে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
নতুন ভবন ও রাস্তা সংস্কারের আশ্বাস
প্রধান অতিথি একপর্যায়ে শিক্ষার্থীদের কাছে তাদের প্রত্যাশা ও বিভিন্ন দাবির কথা জানতে চাইলে শিক্ষার্থীরা বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দাবি জানায়। একই সঙ্গে এলাকাবাসীর পক্ষ থেকে মকিমপুরের রাস্তাঘাট সংস্কারের দাবিও তুলে ধরা হয়।এ সময় বুড়ি গঙ্গা নদীর পাড়ে একটি অবৈধ স্থাপনার কারণে পর্যটন এলাকায় মানুষের চলাচল প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার কথা তুলে ধরে স্থাপনাটি উচ্ছেদের দাবি জানান এলাকাবাসী।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন এমপি হাজী জসিম উদ্দিন। পাশাপাশি এলাকাবাসীর দাবির বিষয়ে মকিমপুরের রাস্তাঘাট সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।একই সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলামকে বুড়ি গঙ্গা নদীর পাড়ের অবৈধ স্থাপনাটি উচ্ছেদের নির্দেশনা দেন এমপি হাজী জসিম উদ্দিন।
ওসি ফারুকের মাদকবিরোধী ভূমিকার প্রশংসা
মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদের ভূমিকার প্রশংসা করেন সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।তিনি মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান।
মকিমপুরকে পর্যটনকেন্দ্র করার ঘোষণা
মকিমপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে এলাকাটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন সংসদ সদস্য।পরে তিনি মকিমপুর এলাকার নদী ও পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো নৌকাযোগে পরিদর্শন করেন এবং এলাকার পর্যটন সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
খাল দখলমুক্ত করার নির্দেশ
বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে হাজী জসিম উদ্দিন মকিমপুর উত্তরপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁর ও তাঁর গর্ভধারিণী মায়ের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।পরে বিদ্যালয়ের সভাপতি মনির আহমেদ খানের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। এরপর নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে মকিমপুর এলাকার বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মকিমপুর এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করার বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন হাজী জসিম উদ্দিন এমপি।
বৃত্তি ও পুরস্কার বিতরণ
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।আলোচনা শেষে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
নৌকায় পর্যটন এলাকা পরিদর্শন
দিনের শেষ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকাযোগে মকিমপুর এলাকার বুড়ি গঙ্গা নদী ও পর্যটন সম্ভাবনাময় স্থান পরিদর্শন করেন হাজী জসিম উদ্দিন এমপি।নৌকা ভ্রমণের আয়োজন করেন মার্টিন আলী খান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি এবং ১ নংমাধবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ সময় প্রচার সম্পাদক আলী আশরাফ মানিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, খাল দখলমুক্তকরণ ও পর্যটন সম্ভাবনা নিয়ে সংসদ সদস্যের বিভিন্ন আশ্বাস ও নির্দেশনায় স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭