মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঐতিহ্যবাহী উত্তর গোপদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ খায়রুল আলম খান।তিনি বিদ্যালয়টির ভূমিদাতা মরহুম রায়হানা আক্তারের সুযোগ্য সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়,মরহুম রায়হানা আক্তার ছিলেন এক অনন্য সাধারণ ও মহীয়সী নারী। জীবদ্দশায় তিনি নিজের চেয়ে মহল্লার উন্নয়ন এবং শিক্ষার প্রসার নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকতেন।নিজের দান করা জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর অনুমোদন লাভ করলেও স্থানীয় মহল্লাবাসীর সবিশেষ অনুরোধ উপেক্ষা করে তিনি বিদ্যালয়ের নামকরণ নিজের নামে করেননি। প্রচারবিমুখ এই মহীয়সী নারীর শিক্ষা অনুরাগের গল্প আজীবন এই অঞ্চলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মায়ের আদর্শকে বুকে ধারণ করে শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সভাপতি মোঃ খায়রুল আলম খান।তিনি বলেন,"মায়ের রোপণ করা এই বিদ্যার বৃক্ষটিকে আরও উঁচুতে নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য ও শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার মানোন্নয়নে আমরা সুদূরপ্রসারী ভূমিকা রাখতে চাই।"
এদিকে বিদ্যালয়টি শুধু নেতৃত্বে নয়,অর্জনেও উপজেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।সম্প্রতি অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হয়েছে।যার মধ্যে একজন ট্যালেন্টপুল এবং দুইজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। এই ফলাফলের ভিত্তিতে বিদ্যালয়টি মিঠামইন উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের গৌরব অর্জন করেছে।
বিদ্যালয়ের এই অভাবনীয় সাফল্যে ও নতুন কমিটি গঠিত হওয়ায় অভিভাবক,শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭