রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে এক নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাথি মারাসহ তার সঙ্গে অশোভন আচরণ করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।অভিযোগের পর এ ঘটনায় মোট ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সচেতন মহলের মতে, একজন নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনা কোনোভাবেই সভ্য ও আইনের শাসনভিত্তিক সমাজে গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় নারীর নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও হয়রানির ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
নারীর সম্মান, নিরাপত্তা ও উদ্যোক্তা হিসেবে তাদের কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭