স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুমারটেক এলাকায় পূর্বাচল ১১ নম্বর সেক্টরের লেকপাড়ে গত ২ এপ্রিল ২০২৬, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মোঃ মনির হোসেনের অভিযোগ, তার মামাতো ভাই জুয়েল মিয়া একটি পতিত জমিতে দোকানঘর নির্মাণের কাজ করছিলেন।
এ সময় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে জুয়েল মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। জুয়েল মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে চাপাতি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন।
জুয়েল মিয়াকে উদ্ধার করতে এগিয়ে এলে আরমান মিয়া, সজিব ও সালমান নামের আরও তিনজনকেও বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তারা আহত হন এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় হামলাকারীরা জুয়েল মিয়ার গলায় থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আহতদের প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবারও ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান গ্রহণ এখন সময়ের দাবি।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭