মোঃ এনামুল হক আবির
সাভারে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার রাত পর্যন্ত টানা অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও সমর। এদের প্রত্যেকের বাড়ি সাভার ও আশপাশের এলাকায়।
যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে, এ চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত এলাকায় সক্রিয় ছিল। তারা বিভিন্ন সময় রাতে কিংবা ভোরে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও অটোতে যাত্রীদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।
অভিযানের সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
সাভার মডেল থানার ওসি জানান, “এ চক্রটি অনেকদিন ধরেই নজরদারিতে ছিল। তাদের বিরুদ্ধে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ছিল। অবশেষে যৌথ বাহিনীর পরিকল্পিত অভিযানে তাদের আটক করা সম্ভব হয়েছে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসাথে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭