সাভার প্রতিনিধিঃ
সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজনৈতিকভাবে আলোচিত ব্যক্তিত্ব সাইদুর রহমান সুজন (৪৫), ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি অবস্থায় আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে রোববার বেলা ১১টার দিকে, কারাগারের সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষে। কারা সূত্র জানায়, তিনি নিজের ব্যবহৃত গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, “বন্দি সুজন সকালে নাস্তা করেছেন। কক্ষে আরও দুই বন্দি ছিলেন—একজন বাইরে, অপরজন ঘুমাচ্ছিলেন। এ সুযোগেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।”
সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন, আধিপত্য বিস্তার, জমি দখল, এবং চাঁদাবাজির অভিযোগসহ মোট ১৫টি মামলা ছিল, যার মধ্যে একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাও অন্তর্ভুক্ত।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনের মুখে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পদত্যাগে বাধ্য হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে হেলিকপ্টারে করে টাঙ্গাইল হয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন। ওই সময় থেকেই সুজন আত্মগোপনে চলে যান। তার কয়েক মাস পরে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭