কুমিল্লা প্রতিনিধিঃএইচ এম শাহীন
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং ওয়ার্ডের মাধবপুর গ্রাম যেন বর্তমানে পরিণত হয়েছে একটি মাদকের অভয়ারণ্যে। দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে চলছে অবাধে মাদক ব্যবসা, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন এই গ্রামে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে চলে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইন সেবন ও কেনাবেচা। মাদকসেবীরা গ্রামে অবাধ বিচরণ করলেও এলাকাবাসী আতঙ্কে নীরব ভূমিকা পালন করছেন। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না, কারণ এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন স্থানীয় প্রভাবশালীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, মৃত মিয়া মোঃ ছাওয়াল মিয়ার ছেলে মিঠু, জহির মিয়ার ছেলে ইসমাইল, মিঠুর স্ত্রী তাহমিনা, ইসমাইলের স্ত্রী শেফালী ও ছেলে সিয়াম সহ আরও অনেকেই মাধবপুরের বাসস্ট্যান্ড, স্কুলপাড়া, বাজার, মসজিদপাড়া ও পশ্চিমপাড়ায় গড়ে তুলেছেন মাদকের হাট। মিঠুর ও ইসমাইলের বাড়িগুলো এখন মাদক বিক্রির নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে এদের ছত্রছায়ায় গড়ে উঠেছে একটি সুশৃঙ্খল মাদক নেটওয়ার্ক।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মাদকের করাল গ্রাস পৌঁছে গেছে কোমলমতি শিক্ষার্থীদের কাছেও। ইসমাইলের বাড়ির পাশেই অবস্থিত আবুজাহের কলেজ ও স্থানীয় স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে পড়ছে ইয়াবা সহ অন্যান্য মাদক। ফলে নতুন প্রজন্ম ভয়াবহ এক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, একাধিকবার গোপনে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং দিনের পর দিন তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, “এধরনের কোনো অভিযোগ আগে পাইনি। এখন জানলাম। অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাধবপুরের সচেতন বাসিন্দারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, চিরতরে এই গ্রাম থেকে মাদক ব্যবসা বন্ধ হোক এবং যুব সমাজকে রক্ষা করা হোক মাদকের বিষাক্ত ছোবল থেকে।
তারা একবাক্যে বলছেন, “আমরা নিরাপদ, মাদকমুক্ত মাধবপুর গ্রাম চাই।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭