
খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ডিস ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে পৃথক স্থানে অবস্থানরত দুই ভাইকে গুলি করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ তরিকুল ইসলাম।এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা এলাকা সংলগ্ন ভার্চুয়াল পোশাক কারখানার গলি এবং ইস্টার্ন হাউজিং সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে এ গুলির ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন স্থানীয় নেট ব্যবসায়ী সবুজ সরকারের প্রতিষ্ঠানে কর্মরত মো. শিপন (৩২) ও তার বড় ভাই মো. ইসমাইল (৩৫)। শিপনের ডান ঊরুতে এবং ইসমাইলের ডান পা ও পিঠে গুলি লাগে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা এলাকায় দীর্ঘদিন ধরে ডিস ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছেন সবুজ সরকার। তার ব্যবসার সহযোগী হিসেবে কাজ করেন শিপন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভার্চুয়াল পোশাক কারখানার গলিতে বসে ছিলেন শিপনের বড় ভাই ইসমাইল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা ৯ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি পিঠ ও পায়ে গুলিবিদ্ধ হন।এর কিছুক্ষণ পর একই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে ঘটনাস্থলের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে অবস্থানরত শিপনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে শিপনও গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী সবুজ সরকার বলেন, “শিপন আমার ব্যবসার বিভিন্ন কাজ করে। সে আমার প্রতিবেশী। আমার ব্যবসা নিয়ে আগে কখনও কোনো ঝামেলা হয়নি। কেন তাদের লক্ষ্য করে গুলি করা হয়েছে, সেটি বুঝতে পারছি না। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, প্রকৃত ঘটনা উদঘাটন করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হোক।”আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, “রাত ১০টার দিকে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। ইসমাইলের পা ও পিঠে এবং শিপনের ঊরুতে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডিস ও ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।