
কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নে নদীতে ও দোকানপাটে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইমরুল ইসলাম, শহীদুল ও শরজুল নামে তিনজনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত ৪ অক্টোবর এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, আব্দুল হাই জব্বারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল নদীতে চাঁদাবাজি এবং স্থানীয় দোকানপাটে চাঁদা আদায় করে আসছিল। এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়।ইমরুল ইসলাম তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত একটি হামলার ঘটনায় তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং বিস্ফোরক মামলার আসামি আব্দুল হাইয়ের সহযোগী হিসেবে পরিচিত ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে তার পরিবারের ওপর হামলার অভিযোগ করেছিলেন।
ইমরুলের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত ওই হামলায় তার পরিবারের পাঁচজন সদস্য আক্রান্ত হন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করছেন।
ভুক্তভোগীরা জানান, ৪ অক্টোবরের হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ অক্টোবরের ঘটনায় ইমরুল, শহীদুল ও শরজুল হামলার শিকার হয়েছেন। তবে হামলার কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।