
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফায়েল মিয়া (১৮) নামে এক তরুণ চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফায়েল মিয়া ওই গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অটোরিকশায় বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় তোফায়েল গাড়িটি স্পর্শ করতেই তড়িৎ প্রবাহে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।