
মোঃ বিপ্লব হোসেন
বগুড়া সোনাতলার ভেলুরপাড়া গোড়গাছা ইউনিয়নে উন্নয়নের নামে চলছে যেন প্রকাশ্য লুটপাটের উৎসব। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রব্বানীর নেতৃত্বে রংরার পাড়া মৌলভী মোড় হতে খোকনের দোকান পর্যন্ত ১০০০.০০ মিটার দৈর্ঘ্যের এইচবিবি সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। ২০২৫-২০২৬ অর্থবছরের এই প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। সরেজমিনে দেখা যায়, রাস্তা নির্মাণে কোনো ধরনের প্রকৌশলগত নিয়ম মানা হচ্ছে না। যেখানে রুলার ও সঠিক পরিমাপ ব্যবহার করে সমতল ভিত্তি তৈরি করার কথা, সেখানে শ্রমিকরা হাত দিয়ে বালু ছিটিয়ে তার ওপর ইট বসিয়ে নামমাত্র সলিং করছে। ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
স্থানীয়রা অভিযোগ করেন, নিম্নমানের ইট, অপর্যাপ্ত বালু এবং অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাজ করায় কয়েক মাস না যেতেই রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। অথচ কাগজে-কলমে দেখানো হচ্ছে টেকসই উন্নয়নের চিত্র। এলাকাবাসীর প্রশ্ন—সরকারি অর্থ কি জনগণের কল্যাণে ব্যয় হচ্ছে, নাকি কিছু অসাধু ব্যক্তির পকেট ভারী করার কাজে ব্যবহৃত হচ্ছে? অভিযোগ রয়েছে, প্রকল্পে তদারকির অভাব এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সচেতন মহলের মতে, এ ধরনের দুর্নীতি বন্ধ না হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের আস্থা হারাবে। এখন দেখার বিষয়—প্রশাসন কি জনগণের অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেবে, নাকি সবকিছু ধামাচাপা পড়ে যাবে।