
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়নের জিন্নাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ কুমার দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা শরফুদ্দিন ভূঁইয়া সবুজ।
এক শোকবার্তায় শরফুদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, “আজকের দিনটা এমন একটি দিন, যেদিন আমরা হারিয়েছি আমাদের স্কুলের প্রিয় শিক্ষক ইন্দ্রজিৎ দত্ত স্যারকে। স্যার ছিলেন সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। স্যারকে কত বিরক্ত করেছি, কিন্তু স্যার সবসময় আমাদের ভালোবেসে বুঝিয়েছেন।”তিনি আরও বলেন, “আজ খুব মনে পড়ছে স্কুলে কাটানো দিনগুলোর কথা। সকাল থেকে একটানা প্রাইভেট পড়ে স্কুল টাইমেই বাড়িতে যেতাম নাস্তা করতে। এ কারণে স্যারের ক্লাসে প্রায়ই আমার দেরি হতো। কিন্তু তবুও স্যার আমাকে কখনো একবারের জন্যও কোনো কথা শোনাননি।”
শরফুদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, ইন্দ্রজিৎ কুমার দত্ত ছিলেন একজন আন্তরিক, হাস্যোজ্জ্বল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।শোকবার্তায় তিনি প্রয়াত শিক্ষকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।“আমি স্যারের বিদেহী আত্মার জন্য শান্তি প্রার্থনা করছি। মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে শান্তিতে রাখেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”