
নিজস্ব প্রতিবেদক | এইচ এম শাহীন আলম
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে টেকনাফ থেকে আসা একটি পিকআপ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাত ২টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ সময় পিকআপটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পরে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থান থেকে ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে ১৮০টি প্যাকেটে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপটি জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. জাকারিয়া ইদ্রীস কক্সবাজার জেলার টেকনাফ থানার রাঙ্গাখালী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শফিকুর রহমান এবং মাতার নাম ফাতেমা খাতুন।উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ঘটনাটি মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি উল্লেখযোগ্য অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।