
সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মোঃ মোশারফ হোসেন
দীর্ঘ ১৮ বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জনপ্রিয় যাত্রীবাহী বাস সার্ভিস ‘মঞ্জিল এক্সপ্রেস’। আশুলিয়া থেকে চিটাগাং রোড রুটে চলাচলকারী এই বাস সার্ভিসটি পুনরায় চালুর ফলে এই অঞ্চলের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি সাভারের আশুলিয়ায় এক আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাস সার্ভিসটির শুভ সূচনা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার সভাপতি আস্কর দেওয়ান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ টরিক দেওয়ান ও নুর ইসলাম দেওয়ান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবহন খাতের বিভিন্ন স্তরের শ্রমিক ও মালিক প্রতিনিধিরা।
অনুষ্ঠানের বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে এই রুটে মঞ্জিল এক্সপ্রেসের সেবা বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াতে নানা জটিলতা পোহাতে হতো। পুনরায় এই বাস সার্ভিস চালুর মাধ্যমে এই রুটের যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক হবে।
মঞ্জিল এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের উন্নত সেবা প্রদান এবং নির্ধারিত ভাড়ায় সুশৃঙ্খলভাবে বাস পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মক নজরদারি রাখা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বাসগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং অতিথিবৃন্দ প্রথম যাত্রার বাসগুলোকে শুভকামনা জানিয়ে বিদায় জানান।