
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী এলাকায় হঠাৎ বেড়ে গেছে সিঁধ কেটে চুরির ঘটনা। পরপর দুই দিনে দুটি বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল পাথারহাটি এলাকার কাইয়ুমের বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। এর একদিন পর আজ একই কায়দায় জুবেদার বাড়িতেও চুরি হয়েছে বলে জানা গেছে।পরপর দুই দিনে একই ধরনের চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। রাতের বেলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় চোরের উৎপাত বেড়ে গেলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা দৃশ্যমান নয়। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত এ সমস্যার সমাধান করা না হলে সিঁধ কেটে চুরির ঘটনা আরও বেড়ে গিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।