
নিজস্ব প্রতিবেদক | এইচ এম শাহীন
কুমিল্লার মুরাদনগর উপজেলার ৭ নম্বর বাঙ্গরা ইউনিয়নের পাজিরপাড় গ্রামে রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ব্যস্ত সড়কের ওপর খুঁটি স্থাপন করা হলে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে—এমন আশঙ্কা জানিয়ে খুঁটি অন্যত্র স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে গত ২৮ সেপ্টেম্বর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চান্দিনা কার্যালয়ের জেনারেল ম্যানেজার (জিএম) এবং বাঙ্গরা বাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বরাবর লিখিত আবেদন করেন এলাকাবাসী।আবেদনে বলা হয়, বিষ্ণুপুর বাজার সেতুর দক্ষিণে আনুমানিক ২০০ ফুট দূরে রাস্তার পূর্ব পাশে থাকা জমি থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে রাস্তার ওপর স্থাপনের জন্য গর্ত করা হয়েছে। সেখানে খুঁটি বসানো হলে স্কুলগামী শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, নবীপুর-শ্রীকাইল সড়কের ওই অংশটি ব্যস্ত। প্রতিদিন যাত্রীবাহী ও মালবাহী বিভিন্ন যানবাহন চলাচল করায় রাস্তার ওপর খুঁটি স্থাপন করা হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।এদিকে, এলাকাবাসীর আপত্তির মধ্যেই আলামিন মুন্সী নামে এক ব্যক্তি ওই স্থানে খুঁটি বসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে আলামিন তাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এখানে কী? আপনারা বাধা দেওয়ার কে? আপনাদের বাধা আমি শুনব কেন?’
এ সময় তিনি ওই কাজের পেছনে প্রায় তিন লাখ টাকা ব্যয় হয়েছে বলেও দাবি করেন। পরে খুঁটিটি রাস্তার অংশ থেকে সরিয়ে পাশের বাউন্ডারি দেয়ালের ভেতরে স্থাপনের অনুরোধ করা হলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাংবাদিকরা ঘটনাস্থল ত্যাগ করেন।আবেদনকারী আমজাদ হোসেন বলেন, ‘আমরা বিদ্যুতের খুঁটি স্থাপনের বিরোধিতা করছি না। আমাদের দাবি হলো, রাস্তার ওপর না বসিয়ে নিরাপদ জায়গায় খুঁটি স্থাপন করা হোক।’

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চান্দিনা কার্যালয়ের জিএম বলেন, ‘আমি ঠিকাদারকে কাজ বন্ধ রাখার জন্য বলে দিয়েছি।’এলাকাবাসীর দাবি, অভিযোগ ও আবেদন যাচাই করে রাস্তার ওপর খুঁটি স্থাপনের পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনা করে নিরাপদ স্থানে স্থাপন করা হোক। একই সঙ্গে জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।