
শুক্রবার রাতে সুন্দরবনের গহীন এলাকা থেকে লোকালয়ে ফিরে আসা অপহৃত জেলেদের সঙ্গে থাকা অপর সহযোগীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মামুন্দো ও মালঞ্চ নদীর বিভিন্ন খালে মাছ ধরার সময় সশস্ত্র বনদস্যুরা নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে প্রতিটি নৌকা থেকে এসব জেলেদের জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অপহৃত জেলেদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকায়।
জেলেদের দাবি, দস্যু দলের মধ্যে তারা ২০১৮ সালে ‘ডন বাহিনী’র পরিচয়ে আত্মসমর্পণ করা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রামের শাহাজান ও একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে ভেটে শফিকুলকে চিনতে পেরেছেন।জানা গেছে, মামুন্দো নদীর মাইটেভাঙা খাল থেকে তিনটি নৌকার তিনজন জেলেকে অপহরণ করা হয়।
ভুক্তভোগী জেলেরা বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উদ্ধার অভিযান এবং সুন্দরবনে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, শুক্রবার রাতে আমরা বিষয়টি জানতে পেরেছি।
তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। জেলেদের জিম্মি করে নিয়ে যাওয়ার বিষয়টি কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।