
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ডের নিশাত নগর কলাবাগান বস্তি উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বস্তিবাসী। তাদের অভিযোগ, একটি কুচক্রী মহল এবং কতিপয় অসৎ রাজনৈতিক ব্যক্তি যোগসাজশ করে তাদের দীর্ঘদিনের বসতি ভাঙার পাঁয়তারা করছে।
মানববন্ধনে অংশ নিয়ে বস্তিবাসীরা জানান, তারা গত ৩০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করে আসছেন। রিকশাচালক ও দিনমজুরের মতো স্বল্প আয়ের এসব মানুষ বস্তিতে থেকে কোনো রকমে জীবিকা নির্বাহ করে তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দেশের ভোটার এবং নাগরিক হওয়া সত্ত্বেও তাদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু কেড়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। বিক্ষুব্ধ বস্তিবাসী প্রশ্ন তোলেন, “এই দেশে ১৪ লাখ রোহিঙ্গা থাকা-খাওয়ার সুবিধা পায়, আর আমাদের উপর এত জুলুম কেন?”
এ সময় বস্তিবাসীরা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, “আমরা জীবিত থাকতে বস্তি ভাঙতে দেব না। বস্তি ভাঙতে হলে আমাদের উপর দিয়ে বুলডোজার চালাতে হবে।” তাদের এই প্রতিবাদী উচ্চারণ বস্তি উচ্ছেদ চেষ্টার বিরুদ্ধে তাদের অনড় অবস্থানের জানান দেয়।
বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তারা সরকারের কাছে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ এবং তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।