
ঢাকাই সিনেমার একসময়ের শীর্ষ নায়িকা শাবানা ৫ বছরের দীর্ঘ বিরতির পর দেশে ফিরেছেন। বর্তমানে তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় অবস্থান করছেন। বহু বছর ধরে প্রবাসজীবনে অভ্যস্ত এই নায়িকা এবারও বেশিরভাগ সময় কাটাচ্ছেন অন্তরালে।
শাবানার দেশে শেষ আসা ছিল ২০২০ সালের জানুয়ারিতে। তখন তিনি জানিয়েছিলেন, সুযোগ ও অনুকূল পরিবেশ পেলে কিছু কাজ করতে চান। স্বামী ও প্রযোজক ওয়াহিদ সাদিকও জানিয়েছিলেন, পরিস্থিতি অনুকূল হলে শাবানার প্রযোজনায় ফেরা সম্ভব। কিন্তু সে ইচ্ছা পূরণ হয়নি, যুক্তরাষ্ট্রেই ফিরে যেতে হয়েছিল তাকে। তার আগে ২০১৭ সালেও তিনি দেশে এসেছিলেন।
প্রচণ্ড জনপ্রিয়তার শীর্ষে থেকেও হঠাৎই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন শাবানা। প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে তিনি নিউ জার্সিতে স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে বসবাস করছেন। তবে নির্দিষ্ট সময়ের জন্য মাঝে মাঝে দেশে ফিরলেও এবার দীর্ঘ বিরতির পর কয়েকদিন আগেই নীরবে ঢাকায় এসেছেন তিনি।
তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন শাবানা। এর মধ্যে ১৩০টি সিনেমায় তার বিপরীতে ছিলেন আলমগীর। এছাড়াও রাজ্জাক, জসিম, সোহেল রানা, ফারুকসহ বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় সিনেমা।