
মোঃ মনিরুজ্জামান হাওলাদার নিজস্ব প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের খইলশাদানি গ্রামে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ মাটি কাটার অভিযোগ উঠেছে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়— মো. জাহিদ নামের এক ব্যক্তি, স্থানীয় মো. লুৎফর রহমানের সহযোগিতায় পেশিশক্তির প্রভাব খাটিয়ে নিয়ম-নীতি উপেক্ষা করে তিন ফসলি আবাদি জমি ও বনবিভাগের সংরক্ষিত লাল মাটি কেটে আশপাশের অনুমোদনহীন ইটভাটায় সরবরাহ করছেন।
এলাকাবাসীর অভিযোগ— প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন এ মাটি কাটার মহোৎসব চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, গভীরভাবে মাটি কাটার কারণে কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি মাটি পরিবহনকারী ভারী ট্রাক চলাচলের ফলে দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে গেছে।
স্থানীয়রা জানান, রাতে ও ভোরে ট্রাক চলাচল বেড়ে যায়, যা শুধু রাস্তা ক্ষতিগ্রস্তই করছে না, শিশু ও বৃদ্ধদের চলাচলেও আতঙ্ক তৈরি করছে। তারা বলেন, “হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও কে বা কার প্রভাবে এই অবৈধ মাটি ব্যবসা চলছে, তা আমরা বুঝতে পারছি না।”
এ সময় তারা অবিলম্বে মাটি কাটার এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কৃষিজমি ও বনাঞ্চল রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানান।