
অনুমোদনহীন কিছু হাউজিং ও রিসোর্টের ফেসবুক পেজে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিজস্ব জমি না থাকা সত্ত্বেও ১০ তলা ভবনের নকশা দেখিয়ে জমির শেয়ার বিক্রির প্রলোভন দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আশুলিয়ার সাংবাদিক নেতা ও আশুলিয়া মডেল প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূইয়া।
তিনি বলেন, লোভনীয় বিজ্ঞাপন ও ভবনের নকশা দেখে অনেক সাধারণ মানুষ বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জমির মালিকানা ও সরকারি অনুমোদন সম্পর্কে নিশ্চিত না হয়ে অর্থ বিনিয়োগ করলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
সাংবাদিক নেতা মো. হাবিবুর রহমান ভূইয়া সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব হাউজিং ও রিসোর্ট প্রকল্পের জমির মালিকানা, সরকারি অনুমোদন এবং অর্থ সংগ্রহের বৈধতা তদন্ত করে দেখতে হবে। তদন্তে অনিয়ম বা প্রতারণার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অনুমোদনহীন প্রকল্পের নামে জমির শেয়ার বিক্রির লোভনীয় বিজ্ঞাপন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।