
মোঃ এইচ এম শাহিন আলম দেবিদ্বার (কুমিল্লা)
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদকবিরোধী অভিযানে গোমতী নদীর পাড় থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিদেশি বিয়ার উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পুরান বাজার কুশাগাজী এলাকার গোমতী নদীর পাড়ে ফেলে রাখা একটি সন্দেহজনক বস্তা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দেবিদ্বার থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি তল্লাশি চালায় এবং বস্তার ভিতর থেকে ৫০ বোতল বিদেশি মদ ও ১২৮ ক্যান বিয়ার উদ্ধার করে।
ঘটনার বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস একুশে নিউজ-কে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের সাথে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, মাদকদ্রব্যগুলো কোথা থেকে এসেছে এবং কে বা কারা এ চক্রের সঙ্গে জড়িত—তা নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, “এটি একটি সুপরিকল্পিত মাদকচক্রের কাজ বলে আমরা ধারণা করছি। চক্রটির উৎস ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে আমাদের বিশেষ টিম কাজ করছে।”
উল্লেখ্য, কুমিল্লা জেলার সীমান্তঘেঁষা এলাকাগুলো দিয়ে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। প্রশাসনের কড়া নজরদারি ও সচেতনতা কার্যক্রম চালু থাকলেও চোরাচালানকারী চক্র বিভিন্ন পন্থায় মাদক প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দেবিদ্বার থানার এ ধরনের তৎপরতা এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়েছে। স্থানীয়রা প্রশাসনের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, মাদকের বিরুদ্ধে এই ধরনের কার্যকর অভিযান অব্যাহত রাখার মাধ্যমে যুবসমাজকে রক্ষা করা সম্ভব।