
সাভার প্রতিনিধিঃ
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের ভয়ংকর পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা ও সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন (৪২) এবং একই উপজেলার আমোষ গ্রামের বিদ্যুৎ হোসেন (৩৫)।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র ও সারা দেশে সহিংসতা ছড়ানোর পরিকল্পনায় যুক্ত ছিল। খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, যা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সরকারবিরোধী কার্যক্রম সংক্রান্ত কিছু আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।