
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন। চলমান আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) রাতের এ অভিযানে তাদের আটক করা হয়।
মোঃ বিদুৎ শিকদার, পিতা ইউনুছ আলী শিকদার। তার স্থায়ী ঠিকানা টঙ্গী পূর্ব থানার দওপাড়া হলেও বর্তমানে তিনি টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় বসবাস করছেন। তিনি ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।
অপরজন হলেন মোঃ হারুনুর রশিদ, পিতা মৃত নুরুল ইসলাম, মাছিমপুর, টঙ্গী পশ্চিম থানা এলাকার বাসিন্দা। তিনি ৫৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তারা জানান, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
তবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে কিনা—তা এখনো যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে এই গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ একে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও, অপরপক্ষের অভিযোগ—এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। এ বিষয়ে যুবলীগ কিংবা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।