কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের কন্ঠে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো দেশীয় কনটেন্টের মাধ্যম ‘দোয়েল’ ওটিটি।
সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ‘দোয়েল’-এর বর্ণাঢ্য উদ্বোধন।
জানা গেছে, শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোক সংস্কৃতি প্রচারের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই বিনোদনের জগতে দোয়েল ওটিটির এগিয়ে যাওয়া।
পথচলার ক্ষণকে স্মরণীয় করে রাখতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে দোয়েল।
অনুষ্ঠানে সূচনা বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ।
শেখ জাহিন আহমেদ বলেন, বিনোদনের মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দেশীয় সংস্কৃতি সারাবিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। শিশু ও তরুণদেরকে প্রাধান্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মের জগতে দোয়েল ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
এরপর ছিলো খ্যাতিমান যাদুশিল্পী জুয়েল আইচের ম্যাজিক শো। যাদুর ছলাকলায় দর্শক শ্রোতাদের চোখ ধাঁধিয়ে অনুষ্ঠানে মায়াবী মুগ্ধতা ছড়িয়ে দেন বিশ্বনন্দিত এই যাদুকর।
এনিগমা মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক শেখ জাঈন আহমেদ দোয়েল ওটিটির উদ্বোধনে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন।
ধারাবাহিক পরিবেশনায় দোয়েল’এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান্তনু ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল’এর অনুষ্ঠানের ধরণ, প্রতিষ্ঠার গল্প এবং আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন।